November 4, 2026, 11:48 am

ঝিকরগাছায় বেতনা এক্সপ্রেসের ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত

অভয়নগর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। তিনি মুজিবার রহমানের ছেলে এবং ঝিকরগাছার কাটাখাল কলোনীপাড়ার বাসিন্দা।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রেনের ধাক্কায় সেটি কিছু দূর এগিয়ে যায়।
দুর্ঘটনায় চালক আতিয়ার রহমান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ছিল।



ফেসবুক কর্নার