
সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের মেন্টারনিটি কেয়ার ইউনিটে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বুধবার সিলেটের ডেপুটি সিভিল সার্জন ও তদন্ত কমিটির প্রধান ডা. জন্মেজয় দত্ত এ তথ্য জানান।
ডা. জন্মেজয় দত্ত বলেন, তদন্তে ইউনিটটিতে প্রয়োজনীয় গাইনি বিশেষজ্ঞ, স্থায়ী অ্যানেসথেশিওলজিস্ট ও দক্ষ জনবলের ঘাটতি পাওয়া গেছে। জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থাসহ বিভিন্ন অসংগতি চিহ্নিত করে ইউনিটটি বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের পর পুনরায় চালুর জন্য সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে হবে। গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর চলতি সপ্তাহে হাসপাতাল কর্তৃপক্ষকে ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গত ৯ অক্টোবর হাসপাতালটিতে প্রসবের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজারের নাজমা বেগমের নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে শিশুর ওজন সাড়ে তিন থেকে চার কেজি হওয়ায় তারা সিজারিয়ান অস্ত্রোপচারের অনুরোধ করেছিলেন। কিন্তু চিকিৎসকেরা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। এতে শিশুর মাথা বের হলেও কাঁধ আটকে যায় এবং পরবর্তী জটিলতায় নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগের পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।