November 4, 2026, 11:06 am

তাহসিফের নিখোঁজ রাতে মাজার বস্তিতে ছিল পুলিশের টাইগার টিম

অভয়নগর প্রতিবেদক

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুরহস্য উদঘাটনে টঙ্গীর মাজার বস্তিতে নিখোঁজ হওয়ার রাতের পুলিশের উপস্থিতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই রাতে টঙ্গী পশ্চিম থানার অধীনে তিন এএসআই ও পাঁচ কনস্টেবল নিয়ে গঠিত পুলিশের ‘টাইগার টিম’ এলাকায় টহলে ছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্বে থাকা সদস্যদের পরিচয় সংগ্রহ করা হয়েছে এবং তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে।

তদন্তকারীরা তাহসিফ ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে পুলিশের কোনো কথা বা ধাওয়ার ঘটনা ঘটেছিল কি না, তা যাচাই করছেন। মামলার সন্দিগ্ধ আসামি দীপ দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে রয়েছেন। তার বক্তব্যের সঙ্গে পুলিশ সদস্যদের বর্ণনা মিলিয়ে দেখা হচ্ছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, ঘটনাটি নৌ-পুলিশ তদন্ত করছে। প্রয়োজন হলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে নৌ-পুলিশ।

গত ২৮ অক্টোবর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে ফুসফুসে পানি এবং শরীরের বিভিন্ন স্থানে কাদামাটির অস্তিত্ব পাওয়া গেছে। মাদক গ্রহণের বিষয়টি যাচাইয়ে রক্ত, ভিসেরা, কিডনি, যকৃৎ ও পাকস্থলীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে সময় কাটানোর পর দীপকে নিয়ে মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন তাহসিফ। দীপের দাবি, সেখানে কয়েকজনের ধাওয়ায় তারা আলাদা হয়ে যান। এ ঘটনায় তাহসিফের বাবা হত্যা মামলা করেছেন। মামলায় দীপ ও বান্ধবী দিশাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



ফেসবুক কর্নার