November 5, 2026, 1:29 pm

শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ নাহিদ ইসলামের

অভয়নগর প্রতিবেদক

 

চলমান পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে ন্যায্য ও যৌক্তিক দাবি করে সরকার বলপ্রয়োগের মাধ্যমে তা থামানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তির গায়েবানা জানাজায় হামলায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর অভিযোগ, শ্রমিকদের দাবি উপেক্ষা করে সরকার দমন-পীড়ন ও গ্রেপ্তারের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলন শুরুর এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করা হলেও প্রথম তিন দিন কোনো সভা হয়নি। শ্রমিকদের ওপর পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলা, গ্রেপ্তার এবং মামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। পোশাকশ্রমিক তৌফিকের স্মরণে আয়োজিত শান্তিপূর্ণ গায়েবানা জানাজায় পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নারী-পুরুষসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলেও উল্লেখ করেন নাহিদ।

শ্রমিকদের পক্ষে তিন দফা দাবি তুলে ধরে তিনি বলেন, নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের নিঃশর্ত মুক্তি এবং অন্যায় মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলন শেষে শ্রমিকদের ছাঁটাই, হয়রানি, হুমকি কিংবা কালো তালিকাভুক্ত করা যাবে না। তিনি আরও বলেন, পোশাকশিল্প টিকিয়ে রাখতে হলে শ্রমিকদেরও নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করতে হবে। মালিক, শ্রমিক ও রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানে আসার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার