
গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে দলটি এ আহ্বান জানায়। বিবৃতিতে ৭ নভেম্বরকে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের দিন উল্লেখ করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ বিভিন্ন সময়ে আধিপত্য ও দাসত্বের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছে। জিয়াউর রহমান একদলীয় বাকশালী রাজনীতির অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বলেও উল্লেখ করে এনসিপি। দলটির দাবি, বিএনপি জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে, যা ভবিষ্যতে আদালত বা পরবর্তী সংসদে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এনসিপি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সাধারণ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে জনগণের গণভোটের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। দলটি সতর্ক করে বলেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে গণরায় অস্বীকার করলে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।