
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের সিদ্ধান্ত হুট করে নেননি বলে জানিয়েছেন দলটির সদ্য পদত্যাগী যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, পদত্যাগের জন্য দলের ভেতর থেকে যেমন চাপ ছিল, তেমনি বাইরের বিভিন্ন পক্ষ থেকেও চাপ দেওয়া হয়েছে। একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সামান্তার অভিযোগ, এনসিপি তার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে প্রচলিত রাজনৈতিক ধারার দলে পরিণত হয়েছে। দলের অভ্যন্তরে ভিন্নমত প্রকাশের কার্যকর কোনো ফোরাম না থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কমিটি পুনর্গঠন, দায়িত্ব বণ্টনে স্বচ্ছতার অভাব, নেতৃত্বের জবাবদিহি এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামত উপেক্ষা করার অভিযোগও করেন তিনি। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করায় দলের ভেতরে চাপের মুখে পড়েছিলেন বলেও জানান।
পদত্যাগের পরপরই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই জানিয়ে সামান্তা বলেন, আগামী দুই-তিন মাস বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিজের পরবর্তী রাজনৈতিক ভূমিকা নির্ধারণ করবেন। প্রয়োজনে এনসিপির সঙ্গেও আবার আলোচনায় বসতে চান তিনি। দলটির প্রতি শুভকামনা জানিয়ে সামান্তা বলেন, নিজের হাতে গড়ে তোলা দল ছেড়ে আসা তাঁর জন্য সুখকর সিদ্ধান্ত ছিল না।