
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না।
ডা. শফিকুর রহমান বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাকে তিনি আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের ওপর দমন-পীড়নের সংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় এমন আচরণ আর চলতে পারে না।