November 8, 2026, 4:18 pm

চুয়াডাঙ্গায় ৭ নভেম্বরের সভা বর্জন বিএনপির, ডিসির দুঃখ প্রকাশ

মোঃ নাঈম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

 

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা বর্জন করেছে জেলা বিএনপি। অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং বিতর্কিত সংগঠনের এক নেতাকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানান বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় অনুষ্ঠানস্থলে কিছুক্ষণ উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ডিসি সাহিত্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম পিটু অভিযোগ করেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। অথচ তাঁর ছবি ব্যানারে রাখা হয়নি। পাশাপাশি সাংস্কৃতিক লীগের এক নেতাকে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। বিএনপি নেতারা ভবিষ্যতে এ ধরনের আয়োজনে বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ত না করার দাবি জানান এবং সভা বর্জনের ঘোষণা দেন।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঞ্চে দাঁড়িয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টিকে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ বিশেষ দিবসে তাঁর ছবি থাকা উচিত ছিল। বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন ছিল বলেও তিনি স্বীকার করেন। দাপ্তরিক নির্দেশনার কারণে অনেক সময় ব্যানারে ছবি বাদ পড়ার কথা উল্লেখ করলেও এ ক্ষেত্রে যথাযথভাবে খেয়াল না রাখার জন্য পুনরায় দুঃখ প্রকাশ করেন।



ফেসবুক কর্নার