
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে কৃষকের চারা ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ক্ষেতের বেড়ায় সাপটি আটকে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত স্থানীয়দের জানান।
খবর পেয়ে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সাংবাদিক মোঃ ফজলুর রহমান কালেঙ্গা বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে হবিগঞ্জ বন বিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে।
লোকালয়ে অজগর আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখতে শত শত গ্রামবাসী ভিড় করেন। উদ্ধার করা অজগরটিকে পরবর্তী সময়ে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে নিরাপদে অবমুক্ত করার কথা রয়েছে।