
মানিকগঞ্জ জেলা শহর ও দুটি উপজেলায় দফায় দফায় ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতুসংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় আরও একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
একাধিক স্থানে বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও পথচারীরা নিরাপদ স্থানে সরে যান। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।