
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি। আসাদ নূর জানান, সমাজের প্রচলিত ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া যাচাই করতে পরিকল্পিতভাবেই বিষয়টি সামনে আনা হয়েছিল।
লাইভে তিনি বলেন, পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রামে ফলো করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল। ছবি আড়াল করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব থাকার মাধ্যমে মানুষের কৌতূহল যাচাই করা হয়। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। পারশার পরিবার, সাংস্কৃতিক পরিবেশ ও ব্যক্তিগত যোগ্যতার প্রশংসা করে আসাদ নূর বলেন, সবকিছুর প্রতি সম্মান রেখেই তিনি পারশার সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসাদ নূর দাবি করেন, তারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না এবং কোনো দলের কাছ থেকে অর্থ বা অনুদান নেননি। জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার অবস্থান জানিয়ে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর ট্রল বন্ধের আহ্বান জানান আসাদ নূর। পাশাপাশি নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার কথাও বলেন তিনি।