
ঢাকাই শোবিজে কাজের চেয়ে শিল্পীদের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে বেশি আলোচনা হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, ভালো অভিনয় ও ব্যক্তিত্বের অধিকারী অনেক অভিনেত্রী থাকলেও তাদের কাজ নিয়ে তেমন চর্চা হয় না। বরং অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা বেশি হওয়ায় পুরো শোবিজ অঙ্গনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম তুলে ধরেন ফারিয়া। তালিকায় রয়েছেন জয়া আহসান, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ ও নাজিয়া হক অর্ষা। তাদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও পেশাদারত্বের প্রশংসা করেন তিনি। এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নামও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে শবনম ফারিয়া লেখেন, ভালো অভিনয় করেন, মার্জিতভাবে কথা বলেন এবং ব্যক্তিত্ব দিয়ে সুনাম অর্জন করেছেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। অথচ তাদের কাজের পরিবর্তে পোশাকের দাম কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে বেশি আলোচনা হয়। তার ভাষায়, ‘সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার।’ শোবিজে প্রকৃত প্রতিভা ও ভালো কাজের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত বলেও নিজের আক্ষেপ প্রকাশ করেন তিনি।