
তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে আলিয়াগা এলাকার হাবাস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইজমিরের গভর্নর জানান, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ সময় ওপরের একটি ভারী ক্রেন ভেঙে চুল্লির ওপর পড়ে বিস্ফোরণের সূত্রপাত হয়। মেয়র সেমিল তুগায় বলেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন। প্রত্যক্ষদর্শী দানিজ উলকার জানান, বিস্ফোরণের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে ভূমিকম্পের মতো মনে হয়েছিল। পরে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়।
এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তার ঘাটতি রয়েছে। লেবার পার্টির ইজমির শাখার দাবি, গত তিন সপ্তাহে এটি কারখানাটির তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা এবং গত ১০ বছরে সেখানে বিভিন্ন দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এদিকে প্রাণহানির ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শোক প্রকাশ করেছে।