
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেন কেন্টাকির রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরখাস্ত এবং সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার উদ্যোগ।
ম্যাসি বলেন, অভিশংসনের আটটি ধারার প্রতিটিতে ভোট ও বিস্তারিত বিতর্ক হওয়া প্রয়োজন। তবে রিপাবলিকান নেতৃত্ব পদ্ধতিগত প্রস্তাবের মাধ্যমে সরাসরি ভোট এড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় প্রস্তাবটি পাসের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে সিনেটে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরান ও ভেনেজুয়েলায় সামরিক কার্যক্রমে তিনি দুটি যুদ্ধ জিতেছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও স্পিকার মাইক জনসনও প্রস্তাবটির সমালোচনা করেছেন। তবে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস ও চাক শুমারসহ দলটির নেতারা ম্যাসির উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
হেগসেথ নিজেও অভিশংসন নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দুবার অভিশংসনের মুখে পড়েও টিকে গেছেন, তার ক্ষেত্রেও এমন কিছু হবে না। উল্লেখ্য, ১৮৭৬ সালে তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপ ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসিত হয়েছিলেন। প্রস্তাবটি গৃহীত হলে ১৫০ বছর পর আবারও কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসনের ঘটনা ঘটবে।