
পরিত্যক্ত বাস বা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় গাড়ির ওপর ককটেল বিস্ফোরণের ঘটনাও বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ও দেশের ভেতরে আত্মগোপনে থাকা ব্যক্তিদের তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সরকার নস্যাৎ করেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি-অবনতি নির্ধারণে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা প্রয়োজন। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ড প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।