কুষ্টিয়ায় ছুরিকাঘাতে আহত দশম শ্রেণির স্কুলছাত্রীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। শিক্ষার্থীর চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং পরিবারের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে তৎপর রয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে কুষ্টিয়া সদর হাসপাতালে যান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
হাসপাতাল পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এর আগে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর কুষ্টিয়া শহরে নিজ বাড়ির সামনে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।