নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ধোঁয়ায় মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।