
মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে দৃষ্টিপ্রতিবন্ধী নারী পারেছা খাতুনের বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তি তাঁর কাছে মোবাইলে আসা ওটিপি নম্বর চান। ওই নম্বর দেওয়ার পর তিন দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
পারেছা খাতুন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী এবং দুই সন্তানও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পারেছা জানান, মোবাইল সম্পর্কে ধারণা না থাকায় এক আত্মীয়ের সহায়তায় প্রতারকের কথামতো ওটিপি দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা কেউই বুঝতে পারিনি। প্রতারকেরা এই সুযোগে আমার সব টাকা নিয়ে গেছে।’ স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যও পরিবারটির অসহায়ত্বের কথা তুলে ধরে টাকা উদ্ধারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগতভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।