
ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়। এ বক্তব্যের মাধ্যমে প্রতিমন্ত্রী ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কি না, সেই প্রশ্ন তুলেছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নিয়মিত দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ নেই। তাঁর মতে, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দিয়ে দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। তিনি বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্বে থাকা কর্মকর্তাদের চাকরির শুরুতেই ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। কোন আইন বা বিধিতে এমন সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে, তা জনসমক্ষে জানানোর আহ্বান জানান তিনি।