
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে দুর্দান্ত প্লেসিং শটে গোল করেন সামিত সোম। তার গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি।
শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় দলটি। অধিনায়ক হামজা চৌধুরীর নেওয়া শট পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর ডান প্রান্ত থেকে হামজার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি। বক্সে থাকা সামিতের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি শটে বল জালে পাঠান তিনি।
এ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন হামজা। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও এদিন শুরু থেকেই অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশের আক্রমণ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন হামজা। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম খেলছেন স্ট্রাইকার পজিশনে।