
পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক পান্নার গয়না পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ এবং মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়। দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়ে ৩০ ক্যারেটের পান্নার লকেটটি পরেছিলেন কারিনা। এতে পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত খোদাই করা রয়েছে।
কারিনার সাজে ছিল ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ি। পাগড়িতে যুক্ত ছিল একটি ঐতিহাসিক কলগি, যা বিয়ের দিন পরেছিলেন তার স্বামী সাইফ আলী খান। কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে জানান, কলগিটি ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো অলংকার এবং পান্নার লকেটটি ভোপালের বেগমের ছিল। সাইফের পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাগুলো কারিনার কাছে এসেছে।
রিয়া আরও জানান, সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। অন্যদিকে, কারিনা নিজের সাজের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’ তবে গয়নাটি পরাকে কেন্দ্র করে ওঠা আপত্তি ও আইনি নোটিশের বিষয়ে কারিনার কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।