
দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এ উপলক্ষে শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটির সঙ্গে নিজের জীবনের দীর্ঘ সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পলাশ লেখেন, যে রাস্তা ও গাছতলা থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা শুরু হয়েছিল, সেখানে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, হাসি ও গল্প। সময়ের সঙ্গে বদলেছে ঋতু, মানুষ ও চারপাশ। ধারাবাহিকটির বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কখন যে নিজেও বড় হয়ে উঠেছেন, তা বুঝতে পারেননি বলে জানান তিনি।
পলাশের ভাষায়, একটি নাটক কখন যে জীবনের অংশ হয়ে ওঠে, তা বোঝা যায় না। এই দীর্ঘ সময়ে জমে থাকা স্মৃতি কোনো বাক্যে প্রকাশ করা কঠিন। শুটিং শেষ, আলো নিভে গেলেও পরিচিত রাস্তা, গাছতলা ও সহকর্মীদের হাসির স্মৃতি থেকে যাবে। গল্পের সমাপ্তি হলেও সেই শুরুর দিনের স্বপ্ন দেখা ছেলেটি আজও তার মনে রয়ে গেছে বলে পোস্টে উল্লেখ করেন অভিনেতা।