
চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. মহসিনের বিরুদ্ধে। এরপর অভিমানে কীটনাশক পান করে নাছিমা আক্তার (২৬) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় সিরাজ খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মহসিন ওই বাড়ির মৃত ফজর আলীর ছেলে। তিনি টোরাগড় এলাকার একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
পুলিশ জানায়, অটোরিকশা চালক মহসিনের মাদক বিক্রি ও সেবনের কারণে সংসারে অশান্তি শুরু হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার সকালে তাঁদের মধ্যে বিবাদের একপর্যায়ে স্ত্রীকে একাধিকবার মারধর করেন মহসিন। এরপর অভিমানে সন্ধ্যায় নাছিমা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে মহসিন বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।