
চট্টগ্রামের বাঁশখালী থানার ১১ নম্বর পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মাওলার পাড়া এলাকায় সাত মাস বয়সী জমজ দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) আসরের নামাজের পর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আলমের মেয়ের জামাই, চাম্বলের বদি আলম চৌধুরীর ছেলে বলে পরিচিত ওই ব্যক্তি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তাঁর স্ত্রী পাশের বাড়িতে একটি বিয়ের বরযাত্রীতে গিয়েছিলেন। এ সুযোগে ওই ব্যক্তি তাঁর সাত মাস বয়সী জমজ ছেলে ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তিনি নিজেও বিষপান করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তবে স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহ, মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বাঁশখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ উদ্ধার ও সুরতহালের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।