কক্সবাজারের উখিয়ার ইনানীতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গ্যাসের প্রকৃত মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় লরি ও ক্রেনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, পাইপসহ প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ নিয়ন্ত্রণ এবং ভূগর্ভে সম্ভাব্য মজুত নিরূপণই বাপেক্সের মূল লক্ষ্য।
জানা গেছে, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে প্রায় এক হাজার ফুট গভীরে খননের পর হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে অব্যাহত গ্যাস নির্গমন ও আগুন জ্বলতে থাকায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়। খবর পেয়ে বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসের চাপ ও প্রবাহ পর্যবেক্ষণ করে। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। প্রবাহ নিরাপদে নিয়ন্ত্রণের পর পরীক্ষা-নিরীক্ষা, ভূতাত্ত্বিক অনুসন্ধান ও সিসমিক জরিপের মাধ্যমে প্রকৃত মজুত ও বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা নির্ধারণ করা সম্ভব হবে।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি এবং সংশ্লিষ্ট এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত নিশ্চিত হলে তা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং কক্সবাজারের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বাপেক্সের বিস্তারিত অনুসন্ধান ও পরীক্ষার পর।