
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের ইএফটি পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান। তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ রোগী সেবা পাবেন। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে সেখানে প্রাথমিকভাবে বহির্বিভাগে সেবা চালুর আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, আগামী বছরের বাজেটে ২০০ শয্যার একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রোগীদের অন্য অঞ্চলে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, ওসমানী হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেই প্রতিরোধ অনেক বেশি কার্যকর, তাই সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে।
আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। সরকারের দেওয়া এককালীন এক লাখ টাকা পুরো ব্যয়ের জন্য যথেষ্ট না হলেও রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে সরাসরি এ অর্থ পাঠানো হচ্ছে এবং আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী খাদিমনগরের খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।