
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া ও মেজাজ হারানোর ঘটনার ব্যাখ্যা দেন। হুমকি দিয়ে পাঠানো কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও পোস্টে যুক্ত করেন তিনি।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, সংসদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত ব্যক্তি ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে থাকা সংসদেই তাঁদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে। সংসদ সদস্য হান্নান মাসউদকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে তিনি এর প্রতিবাদ জানান। এ সময় তিনি বলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি তাঁদেরই হতে হয়। পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহস প্রয়োজন, তা সবাই বুঝবেন না।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি লেখেন, এর আগেও হত্যার হুমকি পেয়েছেন। বিষয়টি প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতো তা হালকাভাবে নেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পোস্টের শেষাংশে ওসমান হাদির বক্তব্য স্মরণ করে মাহমুদা মিতু লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না।’