
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব ইসরায়েলি দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর প্রকাশ্যে তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে গোপনে ওই দলগুলোর কাছেই সহায়তা চেয়েছিল তাঁর দল লিকুদ পার্টি—এমন দাবি করেছেন জয়েন্ট লিস্ট জোটের সংসদ সদস্য আহমেদ তিবি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর একটি অনুষ্ঠানে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান ইসাহেলের পাঠানো বার্তা দেখান আহমেদ তিবি। বার্তার বিষয়বস্তু স্পষ্ট না হলেও তিবির দাবি, নির্বাচনের আগে ও ফল প্রকাশের পর লিকুদ পার্টির পক্ষ থেকে তাঁদের সহায়তা চাওয়া হয়েছিল। তিনি বলেন, সাধারণত ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন না। তবে গত সপ্তাহে পার্লামেন্টে নেতানিয়াহু আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচন চুরি এবং ইসরায়েল ধ্বংসের চেষ্টার অভিযোগ তোলার পর তিনি বার্তাটি প্রকাশের সিদ্ধান্ত নেন।
তিবির দাবি, সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের জোটকে সহায়তা না করার বার্তাও পেয়েছেন তাঁরা। বরং ওই জোটকে সরকার গঠন করতে না দিয়ে পুনরায় নির্বাচনের পরিস্থিতি তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ প্রস্তাবে রাজি হননি বলে জানান তিবি। তাঁর ভাষ্য, আরব দলগুলো পুনর্নির্বাচন চায় না; তারা নেতানিয়াহু ও ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায়।