তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক
আরিফ শেখ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।
Update Time :
Sunday, November 15, 2026
/
24 Time View
/
Share
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আতিকুল ইসলাম নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী ‘সাইমুম পরিবহন’-এর একটি নৈশকোচে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। বাসটি জিগারতলে পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। অভিযোগ উঠেছে, একপর্যায়ে চলন্ত বাস থেকে মুকুল ও শাকিলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ ও আহত আতিকুলকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আতিকুলকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাঈল জানান, চলন্ত বাস থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইমুম পরিবহনের বাসটি এবং চালক আবির হোসেন (২৬) ও হেলপার শফিকুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।