পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশে এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার গোপন তথ্য ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালে দালাল চক্রের তৎপরতা নিয়ে এনএসআই গোপন অনুসন্ধান চালায়। দালালদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর এনএসআইয়ের উপপরিচালক ও একজন সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে সংস্থাটির যুগ্ম পরিচালক জেলা প্রশাসককে অবহিত করলে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচজনকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) ও ওয়ারেস (৪০)। তাঁরা সবাই পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ও কিসমতপ্রতাপপুর এলাকার বাসিন্দা। এ ছাড়া হেমায়েতপুরের আবুল হাশেমের ছেলে মো. হাফিজুর রহমান মাহফুজের (৪০) বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উদ্যোগে হাসপাতালে দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।