রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি।
Update Time :
Sunday, November 15, 2026
/
30 Time View
/
Share
রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ভেজাল আখের গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় মৃত আফাজ সরকারের ছেলে মোঃ নাসির সরকারকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা। জরিমানার টাকা নগদ আদায় করা হয়। একই সঙ্গে উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।
নুসরাত জাহান অন্যন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।