November 17, 2026, 12:38 am

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের ভূমিকা বিশ্বে তুলে ধরব: মান্না

অভয়নগর প্রতিবেদক

 

ফারাক্কা বাঁধ ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ভারতের অন্যায়ের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব। অন্যায়কারী কখনো জয়ী হতে পারে না। এ সময় তিনি নিজেদের অধিকার ও দাবি সাহসের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান। গোপালগঞ্জে সাম্প্রতিক তাণ্ডবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা মনে করছেন পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে তার জবাব পাওয়া যাবে। পাশাপাশি জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারত এখনো বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি। আগামী ১২ ডিসেম্বর পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, অথচ এ বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, পানির অধিকার বাংলাদেশের ন্যায্য দাবি, ভারতের দয়া নয়। বাণিজ্যিক ভারসাম্যহীনতা ও সীমান্ত হত্যা বন্ধসহ অমীমাংসিত সমস্যার সমাধান না হওয়ায় ভারতের সঙ্গে স্বাক্ষরিত কয়েকটি চুক্তি থেকে সরে আসার প্রয়োজন রয়েছে।



ফেসবুক কর্নার