November 17, 2026, 12:25 am

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ২

খন্দকার সামিন ওয়াসী, সিলেট মহানগর প্রতিনিধি।

 

 

সিলেট শহরতলীর বটেশ্বরে অভিযান চালিয়ে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ। এ সময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোপধা চাত্রাপাড়া এলাকার সাইফুল ইসলাম ও রাহেলা বেগমের ছেলে মো. আলামিন (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি গ্রামের মো. বিল্লাল হোসেন ও পলি বেগমের ছেলে মো. সুজন (২০)।

পুলিশের তথ্যমতে, জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন



ফেসবুক কর্নার