ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) নিবন্ধন বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই গবাদিপশুর চিকিৎসা ও কৃত্রিম প্রজননের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবরা গ্রামের মো. দানেশ কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বা ডিপ্লোমা ইন লাইভস্টক সায়েন্স কোর্স ছাড়াই দীর্ঘদিন ধরে গবাদিপশুর প্রজনন ও বিভিন্ন রোগের চিকিৎসা করছেন। পশুপালকদের অভিযোগ, তিনি যেকোনো রোগে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড প্রয়োগ করেন, অথচ আইন অনুযায়ী নিবন্ধিত চিকিৎসক ছাড়া এসব ওষুধ ব্যবহারের সুযোগ নেই। এ বিষয়ে কথা বললে দানেশ নিজের বৈধ প্রশিক্ষণ না থাকার কথা এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার তাঁর উচিত হচ্ছে না বলে স্বীকার করেন।
দানেশ জানান, তিনি বাবরা গ্রামের জামাল আহমেদ মিলন ওরফে ‘মিলন স্যার’-এর কাছ থেকে হাতে-কলমে এ ‘প্রশিক্ষণ’ নিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, জামাল আহমেদ মিলন মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক এবং কালীগঞ্জ শহরের কোলা রোডের ‘লাইফ সাইন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট’-এ প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। বিভিসির সনদ বা ডিভিএম ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি কীভাবে প্রশিক্ষক হলেন, সে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন, যার সদস্যরা ৫-৬টি মোটরসাইকেলে ১০-১২ জনের দল বেঁধে গ্রামে গ্রামে চিকিৎসা দেন। জামাল আহমেদ মিলনের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ভুল চিকিৎসায় অনেক গবাদিপশু আরও অসুস্থ হয় বা মারা যায়, তবু তাঁদের পুরো বিল নগদ পরিশোধ করতে হয়। এ বিষয়ে কিছু অডিও ও ভিডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। ২০২৪ সালের মার্চে বিভিন্ন পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চক্রটি কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার সক্রিয় হয়েছে বলে অভিযোগ। বিশেষজ্ঞদের মতে, অপেশাদার ব্যক্তিদের মাধ্যমে চিকিৎসা ও অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে পশুর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সচেতন মহল ও খামারিরা এ চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।