November 17, 2026, 12:25 am

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ইসমাইল

অভয়নগর প্রতিবেদক

 

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ তদন্তের পর তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ইসমাইল হোসেনের সঙ্গে চলাফেরা না করার এবং সিদ্ধান্ত অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইসমাইলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কখনো জামায়াতের কর্মী ছিলেন না; তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকেও ইসমাইলকে বহিষ্কার করা হয়। একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাঁর চেম্বার বন্ধ করে দেয়। হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে কর্তৃপক্ষ। এর আগে হাসপাতালের মালিকানা দাবি করে সেখানে যান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান।



ফেসবুক কর্নার