November 17, 2026, 12:25 am

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

অভয়নগর প্রতিবেদক

 

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা বিচারপ্রক্রিয়া শেষে আসছে এ সিদ্ধান্ত। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো অপরাধ করেছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। মামলায় গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য হত্যা, অগ্নিসংযোগ, যৌন সহিংসতা এবং জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সংঘটিত অন্যান্য অপরাধের প্রমাণ পর্যালোচনা করেছেন বিচারকেরা। রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি মিয়ানমারের দায় নির্ধারণের বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।

অন্যদিকে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করেনি আইসিজে। ফলে এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাতেও প্রভাব ফেলতে পারে। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। তাঁদের প্রত্যাশা, এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের নিপীড়নের বিচার ও অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি হবে।



ফেসবুক কর্নার