November 17, 2026, 12:35 am

ছট পূজার প্রসাদ খাওয়ায় পিটিয়ে মেয়েকে হত্যা করলেন মা

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের বিহারে ছট পূজার জন্য সাজানো প্রসাদ থেকে খাবার খাওয়ায় চার বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা রিনা কুমারির বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রোববার পূজার প্রস্তুতির অংশ হিসেবে পরিবারের অন্য সদস্যরা পাশের ঘাটে গেলে বাড়িতে প্রসাদ সাজাচ্ছিলেন রিনা। এ সময় তার মেয়ে সুহানী কুমারি সাজানো প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ব্যাপক মারধর করেন তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রিনা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা রাজু পাসান জানান, পরিবারের সবাই ছট পূজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি স্ত্রীর কঠোর বিচার দাবি করে বলেন, তাঁদের তিন সন্তানের মধ্যে একজনকে হারিয়ে পরিবারে পূজার আনন্দ ম্লান হয়ে গেছে। পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় রিনা কুমারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুক কর্নার