November 17, 2026, 12:25 am

এডেনের দিকে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন

অভয়নগর প্রতিবেদক

 

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) তারা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ পরিস্থিতিতে শহরটি রক্ষায় প্রস্তুতি নিচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। শহরের চারপাশে পরিখা খননের পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষাব্যবস্থা ও দুর্গ তৈরি করছেন সেনারা।

বার্তা সংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করে এডেনের দিকে এগোচ্ছে। বর্তমানে তারা আল-মাদারিবা আল-খারাজ ক্যাম্পের কাছে অবস্থান করছে। সূত্রগুলোর দাবি, এলাকাটি এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। তবে হুথিরা আরও অগ্রসর হলে সরকারি বাহিনীর প্রতিরক্ষাব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি সরকারি বাহিনী লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ও সেখানকার একটি বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নেয়। সরকার জানায়, এডেনের নিরাপত্তা জোরদার করতেই সেনাদের অন্যত্র মোতায়েন করা হয়েছে। পরে হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানায়, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে তারা।



ফেসবুক কর্নার