November 17, 2026, 12:37 am

বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে যাওয়ার ঘোষণা আমির হামজার

অভয়নগর প্রতিবেদক

 

স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি রাজনৈতিক দলের একাংশের বিরোধিতা সত্ত্বেও নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (কুষ্টিয়া-৩) ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে সব ধরনের বাধা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে নারায়ণগঞ্জবাসীকে আমন্ত্রণ জানিয়ে আমির হামজা লেখেন, তিনি বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক ফুটবল মাঠে আসছেন। সেখানে সবার সঙ্গে দেখা ও কথা হবে বলেও উল্লেখ করেন তিনি। আয়োজকদের তথ্য অনুযায়ী, বন্দর থানার তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা আমির হামজার।

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি রাজনৈতিক দলের একাংশের নেতারা বৈঠক করেন। ওই বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার নারায়ণগঞ্জে আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। এ বিরোধিতার পর থেকেই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুক কর্নার