
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কর্মরত অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা গুরুতর বিষয়। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরদারি রয়েছে। তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। অস্ত্র হাতে যাদের ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাদেরও শনাক্ত করা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বলপ্রয়োগ করতে পারলেও পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা উচিত নয় বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।