
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন এবং বিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে জানানো হয়েছে। চিকিৎসার জন্য দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সাবেক আমলা এবং বিশ্বব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন।