November 19, 2026, 1:33 pm
শিরোনাম :

নওয়াজউদ্দীনের সঙ্গে কাজকে ‘দুঃস্বপ্ন’ বললেন দিয়া মির্জা

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীকে নিয়ে অভিনেত্রী দিয়া মির্জার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে নওয়াজউদ্দীনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে উল্লেখ করেছেন দিয়া। তাঁর কথাবার্তার ধরন নিয়েও কটাক্ষ করা হয়েছে। তবে মন্তব্যটি বাস্তব কোনো বিরোধের বহিঃপ্রকাশ, নাকি আসন্ন মেডিকেল ড্রামা সিরিজ ‘ডক্টর হাসান’-এর প্রচারণার অংশ, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে।

আসন্ন সিরিজটিতে নওয়াজউদ্দীন সিদ্দিকী অভিনয় করছেন ‘ডক্টর ইমরান হাসান’ চরিত্রে। অন্যদিকে দিয়া মির্জাকে দেখা যাবে ‘ডক্টর পলক জৈন’ চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন রোহন সিপ্পি। আগামী ১১ ডিসেম্বর জিও হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি। সম্প্রতি দিয়া তাঁর পোস্টে নওয়াজউদ্দীনের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে নেতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি অভিনেতার আচরণকে উদ্ধত ও অভদ্র বলে ইঙ্গিত দিয়েছেন।

পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দুই অভিনেতার মধ্যে সত্যিকারের মনোমালিন্যের আশঙ্কা করছেন, আবার অনেকে এটিকে সিরিজের প্রচারণার কৌশল বলে মনে করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, পোস্টে ‘চরিত্র’ শব্দটির ব্যবহার নতুন কোনো প্রজেক্টের ইঙ্গিত হতে পারে। অন্যদিকে কেউ কেউ প্রচারণার জন্য এমন বিতর্ক তৈরি করাকে অনুচিত বলে সমালোচনা করেছেন। বিষয়টির প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার