November 19, 2026, 1:02 pm
শিরোনাম :

বলিউডের সংগীতে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডের সংগীতাঙ্গনে আগের মতো সৃজনশীল স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী কুমার শানু। নব্বই দশকের সংগীতচর্চার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নে গান তৈরি ও রেকর্ডিং সহজ হলেও সৃজনশীলভাবে কাজ করার সুযোগ কমেছে। সম্প্রতি ২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চার দশকের বেশি সময় ধরে সংগীতজগতে থাকা কুমার শানুর মতে, এখনো ভালো গান তৈরি হচ্ছে, তবে আগের মতো পরীক্ষা-নিরীক্ষার স্বাধীনতা নেই।

কুমার শানু বলেন, আগে সংগীত পরিচালক, গীতিকার ও গায়কদের সৃজনশীল স্বাধীনতা ছিল। একটি পরিস্থিতি বা ভাবনা থেকে সংগীত পরিচালক একাধিক বিকল্প তৈরি করতেন এবং সম্মিলিতভাবে সেরা কাজটি বেছে নেওয়া হতো। তাঁর মতে, সৃজনশীলতার এমন চর্চাই প্রকৃত শিল্পের পরিচয়। প্রযুক্তির ব্যবহার শিল্পীদের কাজের নিষ্ঠা ও শৃঙ্খলাতেও প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। আগে এক বা দুইবারেই গান রেকর্ডিং শেষ হতো, এখন অনেক সময় শব্দ ধরে ধরে রেকর্ড করা হয়।

অটো-টিউন ও মেলোডাইনের মতো প্রযুক্তি গানের ভুল সংশোধন সহজ করলেও প্রকৃত শিল্প সৃষ্টির বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন কুমার শানু। তাঁর ভাষায়, প্রযুক্তির ভালো-মন্দ দুই দিকই রয়েছে; গান গাওয়া ও নাচের কাজ সহজ হয়েছে, কিন্তু প্রযুক্তি দিয়ে শিল্প সৃষ্টি করা যায় না। বর্তমান সংগীতাঙ্গনে প্রতিভাবান সংগীত পরিচালক কিংবা ভালো গানের অভাব নেই, বরং সৃজনশীলভাবে কাজ করার স্বাধীনতা কমে যাওয়াই তাঁর মূল উদ্বেগ।



ফেসবুক কর্নার