November 19, 2026, 12:57 pm
শিরোনাম :

জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের আজ ৫১তম জন্মদিন। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন তিনি। সৌন্দর্য, আত্মবিশ্বাস, অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তের কারণে বরাবরই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়েন সুস্মিতা। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও আলোচিত নানা অধ্যায়।

১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে বিজয়ী হন সুস্মিতা। একই বছর ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মুকুট জিতে প্রথম ভারতীয় নারী হিসেবে এ সম্মান অর্জন করেন তিনি। এরপর অভিনয়ে পা রাখেন সুস্মিতা। ১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন। সিরিজটি আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পায়। পরে ‘তালি’তে রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রেও প্রশংসিত হন তিনি।

ব্যক্তিজীবনেও নিজের সিদ্ধান্ত ও জীবনযাপনের ধরন দিয়ে আলোচনায় ছিলেন সুস্মিতা। মাত্র ২৪ বছর বয়সে রেনে নামের এক কন্যাশিশুকে দত্তক নেন তিনি। ২০১০ সালে দত্তক নেন দ্বিতীয় মেয়ে আলিশাহকে। দুই মেয়েকে নিয়ে একক মাতৃত্বের পথ বেছে নেন অভিনেত্রী। এ ছাড়া রণদীপ হুদা, বিক্রম ভাট, রেহমান শাল, ওয়াসিম আকরাম ও ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। তবে বিয়ে ও আংটিবদলের কিছু খবর অস্বীকার করেছেন তিনি। বিশ্বসুন্দরীর মুকুট জয় থেকে অভিনয়, মাতৃত্ব ও ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্ত—প্রতিটি অধ্যায়েই নিজের মতো করে পথ চলেছেন সুস্মিতা সেন। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।



ফেসবুক কর্নার