November 19, 2026, 3:59 pm

লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

মোঃ মিজানুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

 

 

লালমনিরহাটে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক ও সামাজিক অবক্ষয়সহ নানা সমস্যা প্রতিরোধে গড়ে ওঠা ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিকে সারাদেশের জন্য অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে কর্মসূচির স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বাকি ৬৩ জেলায় এ ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়; সামাজিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেও অনেক সমস্যার সমাধান করা যায়। মাদক প্রতিরোধে সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি পরিবেশ রক্ষা, নদী-নালা ও খাল-বিল পরিষ্কার রাখা এবং বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণকে ‘আলোকিত লালমনিরহাট’-এর ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

সংগঠনটির সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ের এ উদ্যোগ দেশের ৬৪ জেলায় ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার