
আওয়ামী লীগের নাশকতা, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লাঠি হাতে অংশ নেন। সিলেট মহানগরের বিভিন্ন থানা কমিটির সদস্যরাও মিছিল নিয়ে যোগ দেন। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড এবং সাম্প্রতিক নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নামে নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল স্পষ্ট অবস্থানে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। কর্মসূচিতে সিলেট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।