সনদ বা চাকরিই শিক্ষার সার্থকতা নয়- এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
শেখ মমতাজ, ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা
Update Time :
Sunday, November 22, 2026
/
43 Time View
/
Share
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সকাল ১০টায় পলিটেকনিক ক্যাম্পাসে সংগঠনটির শাখা উদ্যোগে এ নবীনবরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বক্তব্যে তিনি বলেন, শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়ালে তাঁর শিক্ষার মূল্য থাকে না।
‘একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো’—এমন মন্তব্য করে সংসদ সদস্য বলেন, তাঁরা এমন সন্তান চান না, যাঁরা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন পদে বসে ঘুষ ও দুর্নীতি করবেন। বরং তাঁরা চান সোনার মানুষ, যাঁরা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবেন এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।
মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষার্থী গড়ে তুলতে হবে, যাঁরা ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, পোশাক, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে ছাত্রশিবির।
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এসব নেতৃত্বে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন এবং শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা ও পানিসহ নানা সুযোগ-সুবিধার উন্নয়নে সংগঠনটি কাজ করছে।
ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. রাকিব হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী ও অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, আইন সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক হাসানুল বান্না এবং সাতক্ষীরা সিটি কলেজ শাখা শিবিরের সভাপতি মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ।
অনুষ্ঠানে সেমিস্টারের ফলাফলে প্রথম হওয়া ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি প্রথম সেমিসের নবীন শিক্ষার্থীদের ফুলের পাশাপাশি কোরআন, চাবি রিং, বিভিন্ন ইসলামিক বই ও সংগঠনের পরিচিতি উপহার দেওয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরীয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।