November 23, 2026, 10:43 am
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল মহেশপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ

ফজলে রাব্বি পাপপু  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জমির গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় জমির মালিক রাজিয়া বেগম ও তাঁর দুই মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেরাজুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬, রবিবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাজিয়া বেগম লোকমারফত জানতে পারেন, ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তাঁর ক্রয়কৃত জমির গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় মেরাজুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৫৮), বাবুল মিয়া (৪৫), বিথী বেগম (২৫), নাজমা বেগম (৫৫) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ সময় ছয়টি বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ কেটে নেওয়া হচ্ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। গাছ কাটতে বাধা দেওয়ায় রাজিয়া বেগম ও তাঁর দুই মেয়েকে মারধর করা হয় এবং তাঁদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের।
রাজিয়া বেগমের বড় মেয়ে অভিযোগ করে বলেন, “অভিযুক্ত মেরাজ আমাকে মারধর করতে করতে আমার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। সম্ভ্রম রক্ষায় আমার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে তাঁদের বাড়ি থেকে আমাকে কাপড় দেন।”
একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ্ব এক ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় বিরোধ ও মামলা-মোকদ্দমায় জড়ানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
একই ওয়ার্ডের বাসিন্দা সখিনা বেগম (৭০) বলেন, “জায়গা দেখতে আসলে এভাবে ৭-৮ জন মিলে রাজিয়া ও তাঁর মেয়েদের মারধর করবে, এটা কেমন কথা? দেশে কি কোনো বিচার নেই?”
ভুক্তভোগীরা জানান, তাঁদের ক্রয়কৃত জমির গাছ প্রকাশ্য দিবালোকে কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর ও স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে তাঁরা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে অভিযুক্ত মেরাজুল ইসলাম, নুরুল ইসলাম, বাবুল মিয়া, বিথী বেগম ও নাজমা বেগমের বক্তব্য নিতে তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িগুলো তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, ঘটনার পর থেকে তাঁদের এলাকায় দেখা যাচ্ছে না।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের নিরপেক্ষ যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার