
যশোরের অভয়নগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম শাফায়েত গাজী (৩৩)। তিনি অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা শওকত গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার পায়রা ইউনিয়নের মাদ্রাসা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভয়নগর থানা পুলিশ। এ সময় অভিযান চালিয়ে শাফায়েত গাজীকে আটক করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশের এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, আটক শাফায়েত গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট করে আসছিলেন, যা জনমনে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা হিসেবে বিবেচিত হচ্ছিল। তার বিরুদ্ধে ওঠা সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড রোধে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলেও থানা সূত্রে জানানো হয়।