
চেহারায় পরিবর্তন দেখলেই প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্স করানোর অভিযোগের মুখে পড়ছেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী জেসমিন ভসীন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, ঘুমের অভাব, ভ্রমণ, ক্লান্তি, সাইনাসের প্রদাহ ও ওজনের পরিবর্তনের কারণেও মুখের গড়নে ভিন্নতা দেখা দিতে পারে। তাই প্রতিদিন একই রকম দেখতে না লাগলেই অস্ত্রোপচারের অভিযোগ তোলা উচিত নয়।
সম্প্রতি কলকাতায় রাঘব শর্মার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জেসমিন। সেখানকার ছবি প্রকাশের পর তাঁর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। কেউ কেউ প্লাস্টিক সার্জারি, বোটক্স ও ফিলার করানোর অভিযোগ তোলেন। এর জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী বলেন, তাঁর চেহারার পরিবর্তনের পেছনে কোনো ফিল্টার বা প্রসাধনী অস্ত্রোপচার নেই। তিনি আরও জানান, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিভিন্ন রূপটানশিল্পীর সঙ্গে কাজ করা এবং শক্তি বাড়ানোর প্রশিক্ষণ শুরু করাসহ নানা কারণে চেহারায় পরিবর্তন আসতে পারে।
নিজের শরীর ও চেহারা নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়ে জেসমিন বলেন, তিনি নিজের মুখ ও শরীর নিয়ে খুশি। প্রতিদিন একই রকম বা নিখুঁত দেখানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সমালোচকদের উদ্দেশে অভিনেত্রীর অনুরোধ, ‘দয়া করে, এই মানুষটাকে একটু শ্বাস নিতে দিন।’